ফেসবুকে পরিচয়, টাকা না পেয়ে প্রেমিকার আপত্তিকর ভিডিও ছড়ালেন প্রেমিক

 


ফেসবুকে পরিচয়, টাকা না পেয়ে প্রেমিকার আপত্তিকর ভিডিও ছড়ালেন প্রেমিক

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে টাকা আদায়ের জন্য প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও বিভিন্ন চ্যাটিং গ্রুপ ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকার আশুলিয়ার দোসাইদ এলাকা থেকে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-৪, সিপিসি-২, সাভার, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি সবুজ খান (৩৫) রংপুর জেলার দেবীগঞ্জ থানার বানিয়াপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, ভিকটিমের সঙ্গে সবুজ খানের ফেসবুকে পরিচয় হয়। পরে মোবাইল ফোনে বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারে অডিও ও ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতেন তিনি। ভিডিও কলে কথা বলার সময় কৌশলে ভিকটিমের আপত্তিকর ভিডিও ধারণ করেন সবুজ।

পরবর্তীতে ওই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভিকটিমের কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেন তিনি। প্রথমে ৫০ হাজার টাকা আদায় করেন। পরে আবার ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন ধাপে আরও এক লাখ ২০ হাজার টাকা আদায় করেন। এরপর আরও তিন লাখ ৩০ হাজার টাকা দাবি করে চাপ সৃষ্টি করতে থাকেন।

কিছুদিন টাকা না দেওয়ায় সবুজ খান ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও বিভিন্ন চ্যাটিং গ্রুপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‍্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে ঢাকার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments