নোয়াখালীর সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘নোয়াখালীর উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক। অংশগ্রহণকারীরা মনে করেন, জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবার মতামত ও সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এছাড়া আলোচনায় অংশ নেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত দাস, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, জেলা বিএনপির সদস্য আবু নাছের, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশসহ জেলার বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
বক্তারা বলেন, নোয়াখালীকে একটি সম্ভাবনাময় ও আধুনিক জেলায় পরিণত করতে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এবং নদীভাঙনসহ দীর্ঘদিনের সমস্যাগুলোর টেকসই সমাধান জরুরি।
তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ এবং গণমাধ্যম একযোগে কাজ করলে নোয়াখালীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সম্ভাবনাগুলো বাস্তবে রূপ পাবে।
আলোচনা শেষে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
0 Comments