শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

 

জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে সর্বদলীয় জুলাই ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে বিকেল ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত মাইজদী সুপার মার্কেটের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ মিনিট সড়ক অবরোধ চলাকালে যান চলাচল বন্ধ থাকায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ছাত্রশিবির, ছাত্রদল, গণধিকার পরিষদ এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা একই সঙ্গে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আসন্ন নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। পরে জেলা জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments