নোয়াখালীতে গাড়ির গ্যারেজ থেকে চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 


নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি গাড়ির গ্যারেজ থেকে এক পিকআপ ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে আবুল হোসেনের গ্যারেজে গলায় ফাঁস দিয়ে ওই চালক আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত মো. আরিফ হোসেন (৩০) উত্তর মোহাম্মদপুর গ্রামের মো. মনির আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ পেশায় একজন পিকআপ ভ্যান চালক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উত্তর মোহাম্মদপুর গ্রামের আবুল হোসেন মিয়ার গ্যারেজে তার গাড়ি রাখতেন। বুধবার সকালে সবার অগোচরে গ্যারেজে ঢুকে সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। দুপুরের দিকে আরেকজন চালক গ্যারেজে গাড়ি রাখতে এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ভাষ্যমতে, নিহত আরিফের স্ত্রী ও মাকে কেন্দ্র করে পারিবারিক কলহ চলছিল। পারিবারিক বিষয়ের কারণে ওইদিন সকালে তিনি পিকআপ চালাতে যাননি বলেও জানা গেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Post a Comment

0 Comments