বাস পাল্টেও শেষ রক্ষা হয়নি, ১৪ কেজি গাঁজাসহ তরুণী গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ সুবর্ণা আক্তার (২১) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুমিল্লা সদর উপজেলার পুরান চৌয়ারা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড় এলাকার ইকোনো বাস কাউন্টার থেকে তাকে আটক করা হয়। পরদিন রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, সুবর্ণা পেশাদার মাদক কারবারি। তিনি সেদিন ১৪ কেজি গাঁজা নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেন। গ্রেপ্তার এড়াতে কুমিল্লার বাসে না উঠে সোনাইমুড়ী থেকে ঢাকার বাসে ওঠেন। কিন্তু বাসে উঠতেই গাঁজার তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয় এবং পরবর্তীতে তার লাগেজ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “তল্লাশিতে তরুণীর লাগেজ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

Post a Comment

0 Comments