নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি ভবনের দারোয়ানের শয়ন কক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আব্দুল জলিল (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর এলাকার খালপাড়ে অবস্থিত মাইশা লেক টাওয়ারে এ অভিযান পরিচালিত হয়।
আটক আব্দুল জলিল শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা এবং হাজী ছায়েদুল হকের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির ওসি মো. মহিনউদ্দিনের তত্ত্বাবধানে একটি দল ওই ভবনে অভিযান চালায়। অভিযানের সময় ভবনের নিচতলার পশ্চিম পাশের দারোয়ানের কক্ষে তল্লাশি চালিয়ে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। সেখান থেকেই জলিলকে আটক করা হয়।
ডিবির ওসি মো. মহিনউদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
0 Comments