নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে থানায়, গ্রেপ্তার বাবা; কারাগারে বাবা-ছেলে


নোয়াখালীর সোনাইমুড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তার বাবা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা ও ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়


টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে শুক্রবার দুপুরে আব্দুল মান্নান ও তার ছেলে সাব্বির আহমদকে (২১) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাব্বির আহমদ চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও একটি মিছিলের ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।

ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে সোনাইমুড়ী থানায় যান বাবা আব্দুল মান্নান। পরে পুলিশ তাকেও গ্রেপ্তার করে। পরিবারের দাবি, বাবা ও ছেলের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না।

সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের আদেশের পর বাবা ও ছেলে দুজনকেই কারাগারে পাঠানো হয়।

Post a Comment

0 Comments