কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ৪৫

 

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে পূর্বের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর ৪৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ। তিনি জানান, এর আগে শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের বিভিন্ন ধরনের অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকানো, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেও এ কার্যক্রম চালানো হচ্ছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

এ ছাড়া কোম্পানীগঞ্জ থানায় ১২ জন, বেগমগঞ্জ মডেল থানায় ছয়জন, চরজব্বর থানায় দুজন, সোনাইমুড়ী থানায় ছয়জন, চাটখিল থানায় ছয়জন এবং কবিরহাট থানায় সাতজনকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ।

Post a Comment

0 Comments