নারীর প্রতি সহিংসতা রোধে আগে নারীকে সচেতন হতে হবে

 

নারীর প্রতি সহিংসতা রোধে আগে নারীকে সচেতন হতে হবে

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অধিপরামর্শ সভা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সরকারি বিভিন্ন অধিদপ্তর ও ঝুঁকিপূর্ণ কমিউনিটির নারীদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে নোয়াখালীর সুবর্ণচরে একটি অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এর উদ্যোগে সভাটি আয়োজন করা হয়।

ইউএনএফপিএ ও অ্যাকশনএইডের সহযোগিতায় রোববার বিকেলে হাতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিক্রিয়ার জন্য একটি সমন্বিত কৌশল প্রণয়ন। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেবা ও রেফারেল পাথওয়ে উন্নয়ন এবং সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের প্রতিশ্রুতি ও সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, প্রশাসন, শিক্ষক, কাজীসহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চর জব্বার থানার নারী, শিশু ও প্রতিবন্ধী সহায়তা ডেস্কের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর আব্দুল মোমিত শুভ বলেন, “স্থানীয় সালিশ বৈঠকে অনেক সময় নারীর প্রতি সহিংসতার অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় না। বিশেষ করে ঘরোয়া সহিংসতার বিষয়গুলো উপেক্ষিত থাকে।” তিনি ভুক্তভোগীদের যেকোনো ধরনের সহিংসতার ক্ষেত্রে ডেডিকেটেড ডেস্কের মাধ্যমে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুননাহার বলেন, “সুবর্ণচর এলাকায় নারী নির্যাতনের অভিযোগ আশঙ্কাজনকভাবে বেশি। নারীর প্রতি সহিংসতা রোধে প্রথমেই নারীদের সচেতন হতে হবে। একই সঙ্গে পরিবার থেকেই শিশুদের সম্মান ও সমতার শিক্ষা দিতে হবে।” তিনি সহিংসতার শিকার হলে কোথায় ও কীভাবে সহায়তা পাওয়া যায় সে বিষয়ে উপস্থিত কমিউনিটির সদস্যদের দিকনির্দেশনা দেন।

আলোচনায় অংশ নেওয়া নারীরা জানান, সহিংসতার শিকার হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়ে অনেক সময় কার্যকর সমাধান পাওয়া যায় না, বরং ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। তাই তারা আইনি সহায়তাকেই তুলনামূলকভাবে বেশি নিরাপদ মনে করেন।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ অধিপরামর্শ সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টায় সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি কার্যকর ও টেকসই প্রক্রিয়া গড়ে উঠবে।

Post a Comment

0 Comments