নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ জুলাই) ভোরে চৌমুহনী পৌরসভা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা সেখান থেকে সরে গেলেও কিছু সময় পর আবার সংগঠিত হয়।

সকাল প্রায় ১০টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে চৌমুহনী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার সাইফুল্লার নেতৃত্বে একটি সংক্ষিপ্ত ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মিছিলে প্রায় ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী অংশ নেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। বেলা ১১টার দিকে শান্ত নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ভোরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিলের জন্য একত্রিত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে। তবে পরে তারা পুনরায় জড়ো হয়ে ঝটিকা মিছিল করেছে বলে পুলিশ জানতে পেরেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাস দমন আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments