নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের সামনের সিঁড়ি থেকে পড়ে জাহিদুল ইসলাম (জিহাদ) নামে ৯ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার রামদি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত জিহাদ রামদি গ্রামের বাসিন্দা মো. জয়নালের ছেলে। সে স্থানীয় আশরাফুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার পর বাড়ির সামনে খেলাধুলা করছিল জিহাদ। খেলতে খেলতে একসময় অসাবধানতাবশত বসতঘরের সামনের সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই সে অচেতন হয়ে পড়ে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে জিহাদের দাফন সম্পন্ন করা হয়। অকাল এ মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। স্থানীয় এলাকাবাসীও শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, পরিবার থেকে বিষয়টি পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

0 Comments