নোয়াখালীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল মাসুম (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সিএনজি চালিত অটোরিকশা ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবদুল্লাহ আল মাসুম নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শূন্যের চর গ্রামের সৈয়দ মাঝি বাড়ির বাসিন্দা। তিনি মাওলানা কাউচারের ছেলে এবং সদর উপজেলার জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, দুপুরে বাড়িতে খাবার খেয়ে বিকেলে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেন মাসুম। পথে মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সরাসরি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় সিএনজিতে থাকা এক নারী ও দুই শিশুসহ মোট ছয়জন আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা হাসপাতালে চলমান রয়েছে।
ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা গাড়িটি আটক করে রাখেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
স্থানীয়দের দাবি, ব্যস্ত এ সড়কে যানবাহনের অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চালকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

0 Comments