নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১ জুলাই) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাতারপায়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মো. মামুন একই এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে মামুনের বাড়ির পাশের এলাকায় অভিযান চালানো হয়। তাকে আটক করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের সামনে বালির স্তূপের ভেতরে লুকিয়ে রাখা ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments