নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলোচিত জোবায়ের হোসেন রাকিব (২৩) হত্যা মামলার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১১ সূত্র জানায়, শনিবার (৪ জুলাই) দুপুরের দিকে বিশেষ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের বাসিন্দা সুমন ও পিয়াস। নিহত রাকিবও একই গ্রামের বাসিন্দা এবং সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। তিনি ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন।
র্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, রাকিবের বাবা ও চাচা যৌথভাবে নিজেদের জমিতে একটি পাঁচতলা ভবন নির্মাণ করছিলেন। ভবন নির্মাণকে কেন্দ্র করে অভিযুক্তরা তাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাকিব ওই অর্থের ব্যবস্থা করতে না পারার কথা জানালে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
তদন্ত সংশ্লিষ্টদের দাবি, ওই বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে রাকিবের ওপর হামলার পরিকল্পনা করা হয়। গত ৩০ মে রাতে বাড়ি ফেরার পথে শরীফপুর ইউনিয়নের পাকমুন্সিরহাট এলাকায় তাকে লোহার রড দিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

0 Comments