নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ বুধবার (১ জুলাই) ঘোষণা করা হবে। দীর্ঘ চার বছরের বিচারিক প্রক্রিয়া শেষে নিহত শিশুর পরিবার ও স্থানীয়দের প্রত্যাশা, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।
নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তারের আদালতে এ রায় ঘোষণা করা হবে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা জানান, রায় ঘোষণার তারিখ দুই দফা পরিবর্তনের পর শেষ পর্যন্ত ১ জুলাই নির্ধারণ করা হয়েছে।
নিহত আসমা আক্তার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত (২৬) একই গ্রামের বাসিন্দা এবং আসমার জেঠাতো ভাই।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ঘটনার নয় দিন পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার হওয়া শাহাদাত আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ধর্ষণের পর ঘটনা গোপন করতে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখে।
এই নির্মম হত্যাকাণ্ডের পর পুরো নোয়াখালীজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরু থেকেই স্থানীয়রা দ্রুত বিচার এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছেন। আজকের রায় সেই বহুল আলোচিত মামলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটাবে।

0 Comments