নোয়াখালীতে থাই জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ১০


নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে থাই জুয়ার আসর থেকে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি, ধর্ষণচেষ্টা মামলার এক আসামি, এক পরোয়ানাভুক্ত আসামি এবং গাঁজাসহ এক যুবককে আটক করা হয়। সব মিলিয়ে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়। পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে থাই জুয়ার আসর থেকে ছয় জুয়াড়িকে আটক করা হয়। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া জুয়া চক্রের সদস্যরা হলেন আব্দুস ছাত্তার (৩৬), মো. সোহেল (৩৫), নুর নবী (৩৪), কবির হোসেন (৪১), মো. ইকবাল (৪৫) এবং টিপু সুলতান (২৯)।

এছাড়া পৃথক অভিযানে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরমান হোসেন রাজুকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে জিআর পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম খলিল (ইমন) এবং ধর্ষণচেষ্টা মামলার আসামি আনোয়ার হোসেনকে আটক করা হয়। খিলপাড়া ইউনিয়নের মল্লিকাদীঘির পাড়া এলাকা থেকে ইয়াছিন আরাফাত সৌরভ নামে এক যুবককে গাঁজাসহ গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গ্রেপ্তার হওয়া সবাইকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, জুয়া, মাদক, সন্ত্রাস ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Post a Comment

0 Comments