নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মসজিদের খতিব নিহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার এলাকার বাসিন্দা। তিনি নুরুল আলম মন্ত্রী সওদাগরের ছেলে এবং উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগের রাতে এলাকায় বৃষ্টিপাত হয়েছিল। প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে ভোরে মোটরসাইকেলে করে মসজিদে রওনা দেন মাকছুদ আলম। পথে তোতা মিয়ার বাজার এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

0 Comments