নেতাকর্মীদের কর্মসংস্থান হলে চাঁদাবাজি ও সালিশ বাণিজ্য কমবে: এমপি ফখরুল ইসলাম


নোয়াখালী–৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, রাজনৈতিক নেতাকর্মীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে সালিশ বাণিজ্য ও চাঁদাবাজির মতো অনৈতিক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে। তার মতে, নেতাকর্মীদের যদি স্থায়ী আয়ের ব্যবস্থা থাকে, তাহলে তারা এসব অপকর্মে জড়ানোর প্রবণতা কমাবে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলের হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ-এর রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়।

বক্তব্যে এমপি ফখরুল ইসলাম বলেন, শুধুমাত্র ধর্মীয় আলোচনা বা উপদেশ দিয়ে সমাজের সমস্যার সমাধান করা সম্ভব নয়। মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। তিনি বলেন, সাধারণ মানুষকে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে সমাজের অনেক সমস্যাই দূর করা সম্ভব।

ত্যাগী নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলের অনেক নিবেদিত কর্মী এখনো আর্থিক সংকটে রয়েছেন। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব। তিনি জানান, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে এবং চলতি বছরেই প্রায় এক কোটি মানুষের জন্য কাজের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

এমপি ফখরুল ইসলাম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানা ষড়যন্ত্র মোকাবিলা করে দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এবং দেশের নেতৃত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, “জীবন বাংলাদেশ আমার, মরণও বাংলাদেশ”—এই বিশ্বাস নিয়ে সবাইকে দেশের উন্নয়ন ও ঐক্যের জন্য একসঙ্গে কাজ করতে হবে।

দোয়া ও ইফতার মাহফিলটির আয়োজন করে ঢাকাস্থ নোয়াখালী–৫ জাতীয়তাবাদী ফোরাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল। সঞ্চালনা করেন শাহজাহান কামালইব্রাহিম খলিল শাহেদ

ইফতার মাহফিলে নোয়াখালী–৫ আসনের প্রায় দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আহছানুল্লাহ মানিক, কবিরহাট পৌরসভা বিএনপি নেতা তৌহিদুল ইসলাম পলাশসহ আরও অনেকে।

Post a Comment

0 Comments