বৃহত্তর নোয়াখালীর স্বার্থে দ্রুত শুরু হবে মুছাপুর রেগুলেটরের কাজ: পানি সম্পদ মন্ত্রী এ্যানি


বৃহত্তর নোয়াখালীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ প্রকল্প নিয়ে তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। ২০২৪ সালের বন্যায় রেগুলেটরটির গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠায় বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, প্রকল্পটি শিগগিরই একনেক সভায় উপস্থাপন করা হবে এবং অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, মুছাপুর রেগুলেটর কেবল একটি এলাকার সমস্যা নয়; এটি পুরো বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সমস্যার গুরুত্ব উপলব্ধি করেই ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিষয়টি চিহ্নিত করেন এবং ২০০৫ সালে নিজেই প্রকল্পটির নির্মাণকাজের উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, ২০২৪ সালে ভারতের উজান থেকে নেমে আসা তীব্র ঢলের পানির স্রোতে মুছাপুর রেগুলেটরটি ভেঙে বিলীন হয়ে যায়। এরপর থেকে উপকূলীয় এ অঞ্চলের মানুষ আবারও নদীভাঙন ও বন্যার ঝুঁকির মুখে পড়েছে। বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বামনী ক্লোজারের কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত মহাপরিচালক মো. মাহবুর রহমান, কুমিল্লা পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক, নোয়াখালীর জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন, ফেনী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান মাহমুদ, নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিলসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

Post a Comment

0 Comments