নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষকের বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা জানানো হয়।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, গত দুই বছরে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ২২ জন সহকারী ও প্রধান শিক্ষক অবসর গ্রহণ করেছেন। তাদের মধ্য থেকে অনুষ্ঠানে ১৪ জন শিক্ষককে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দিয়ে সম্মানিত করা হয়। এ সময় উপজেলার প্রায় তিন শতাধিক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি একরামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, শিল্পপতি মফিজ উদ্দিনসহ শিক্ষক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সঙ্গে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া এবং ইফতার অনুষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments