চট্টগ্রামে পুলিশের সঙ্গে গোলাগুলি, বড় সাজ্জাদের দুই অনুসারী অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার



চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই অনুসারীকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অভিযানের সময় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনাও ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার চালিতাতলী বাজার সংলগ্ন আমিন উল্লাহ হাজী বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, আলোচিত সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা সেখানে অবস্থান করছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন, ওয়াজেদিয়া এলাকার মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬) ও মো. জসিম (৩৫)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান শুরু হয়। এ সময় আসামিরা পালানোর চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়।

অভিযানে উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি পিস্তল, ৩টি পিস্তলের ম্যাগাজিন, একটি বিদেশি এসএমজি (ম্যাগাজিনসহ), একটি দেশীয় পাইপগান, ৪৫৫ রাউন্ড তাজা পিস্তলের গুলি, ১৪টি শর্টগানের কার্তুজ ও একটি খালি কার্তুজ, ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট, চাপাতি, রামদা, ছোরা ও কাঁচিসহ ধারালো অস্ত্র। এছাড়া ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২টি পাওয়ার ব্যাংক, ২টি বডি ওয়ার্ন ক্যামেরা, অস্ত্রের কিট বক্স, স্প্রে কিট, টুলবক্স ড্রিল মেশিন, পলিথিন সিল মেশিন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী জানান, এ ঘটনায় বড় সাজ্জাদের ভাতিজা মোহাম্মদ ও কেইস ইকবালসহ আরও কয়েকজন পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Post a Comment

0 Comments