নোয়াখালীতে তেলবাহী লরির চাপায় সার ব্যবসায়ী নিহত, আহত দুই ছেলে


নোয়াখালীর কবিরহাট উপজেলায় তেলবাহী লরির চাপায় এক সার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল প্রায় পৌনে ১১টার দিকে সোনাপুর–কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শফিক (৬০) সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। আহতরা হলেন তার দুই ছেলে—শাকিল (২১) ও মো. একা (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা তেলবাহী একটি লরি কবিরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা মো. শফিক ও তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত দুই ছেলেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরিবারের দাবি, তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা জানান, মোটরসাইকেলে করে তিনজন যাচ্ছিলেন। তেলবাহী লরির চাপায় ঘটনাস্থলেই ব্যবসায়ী শফিক মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে লরি চালককে আটক করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Post a Comment

0 Comments