কোস্ট গার্ডের অভিযানে হাতিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার


নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রুবেল উদ্দিন (২৪) এবং হামদ উল্লাহ গ্রামের আকবর হোসেনের ছেলে মামুন উদ্দিন (২৪)।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার ক্ষিরোদিয়া বলির ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে হাতিয়া কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা “অপারেশন ডেভিল হান্ট ফেজ-২”-এর আওতায় ক্ষিরোদিয়া বলির ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িত ছিলেন। জব্দকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

Post a Comment

0 Comments