নোয়াখালীতে ২ হাজার ৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ, ছয়জন আটক


নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অবৈধভাবে জাটকা পরিবহনের দায়ে ছয়জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— সুবর্ণচর উপজেলার মো. আরিফ (২৫), মো. মাসউদ (২৯), মো. আকবর হোসেন সবুজ (৩৪), মো. সালাউদ্দিন (৩৫), মো. নুরুল হুদা (৩৫) এবং মো. জাবেদ হোসেন (৩০)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সদর উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় দুটি পিকআপ ভ্যানে করে জাটকা ইলিশ পরিবহনকালে তাদের আটক করা হয় এবং বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।

পরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আটককৃতদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে দোষ স্বীকার ও অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৪/৫ ধারায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন আদালত।

ডিবি পুলিশের ওসি মো. আশরাফ উদ্দিন আরও জানান, তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় আসামিদের মুক্তি দেওয়া হয়। জব্দকৃত জাটকা ইলিশ পরে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments