সুবর্ণচরে ছাত্রীকে নিয়ে উধাও প্রধান শিক্ষক, ক্ষোভের আগুনে পুড়ল মাদরাসা


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১২ বছর বয়সী এক সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক মাদরাসার প্রধান শিক্ষক উধাও হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার বিক্ষোভের মধ্যেই একপর্যায়ে ওই মাদরাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার পর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায় আগুন দেওয়া হয় বলে জানায় স্থানীয়রা।

অভিযুক্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান (৩৫) ফিরোজপুর জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীটি ওই মাদরাসার সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে সদর উপজেলার নুরু পাটোয়ারীহাট মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। মাদরাসায় পড়াশোনার সময় প্রধান শিক্ষকের সঙ্গে ছাত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। গত ৭ জানুয়ারি শিক্ষক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাদরাসায় তখন কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় ভুক্তভোগী পরিবার সুধারাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ছাত্রীটি তার পরিবারের তত্ত্বাবধানে রয়েছে।

Post a Comment

0 Comments