ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে নোয়াখালী জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা আমীর খন্দকার ইসহাক। তিনি জানান, ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে জেলা শহর মাইজদীর নোয়াখালী জিলা স্কুল মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দও সভায় বক্তব্য দেবেন।
জেলা জামায়াত সূত্রে জানা গেছে, জামায়াত আমীরের আগমনকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। জনসভা সফল করতে নেতাকর্মীরা মাঠপর্যায়ে প্রচারণা ও প্রস্তুতিমূলক কাজ শুরু করেছেন। এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
জামায়াত নেতারা জানান, জনসভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচন ও দেশের সার্বিক অবস্থা নিয়ে জামায়াতে ইসলামীর আমীর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
আয়োজকরা আশা করছেন, জনসভায় নোয়াখালীসহ আশপাশের জেলা ও উপজেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের প্রচার সম্পাদক ডা. বোরহান উদ্দিন, শহর আমীর মাওলানা ইউসুফ, শহর সেক্রেটারি মোহাম্মদ মায়াজ, সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মিরাজ, ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

0 Comments