নোয়াখালীর সদর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত এক যুবককে আটক করে আজ সোমবার সকালে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
আটক যুবকের নাম মো. সুজন (২৭)। তিনি দুই সন্তানের জনক। শিশুটিকে ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সুজনকে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে থানায় নিয়ে যায়।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আজ সোমবার সকালে তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর অভিভাবক তাঁকে ফোন করে ঘটনার বিস্তারিত জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, গতকাল বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে শিশুটির সঙ্গে এ ঘটনা ঘটে।
প্রধান শিক্ষক আরও জানান, অভিযুক্ত সুজন এর আগেও বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, গতকাল বিকেলে স্কুল ছুটির পর মেয়েকে বাড়ি ফিরতে না দেখে তিনি উদ্বিগ্ন হয়ে স্কুলের দিকে রওনা দেন। একপর্যায়ে স্কুলে যাওয়ার পথে একটি বাড়ির সামনে মানুষের ভিড় দেখতে পান। সেখানে গিয়ে তিনি তাঁর মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগী স্কুলছাত্রীর প্রাথমিক বক্তব্য অনুযায়ী সে ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত মো. সুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

0 Comments