নোবিপ্রবিতে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন অনুষ্ঠিত

কনকনে শীত উপেক্ষা করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশ নেন ৮০০-এর বেশি শিক্ষার্থী। দৌড়টি বাংলা বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকেই শেষ হয়।

নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাসে ছিল শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়। নারী–পুরুষ নির্বিশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। আয়োজকরা জানান, অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রায় ৮০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় নাম লেখান, যা গত বছরের তুলনায় অংশগ্রহণে বড় সাড়া।

প্রতিযোগিতা শেষে শীর্ষ ২০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারী সবার মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

দৌড়ে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “তরুণদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি প্রথম হওয়ার লক্ষ্য নিয়েই দৌড়েছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন হলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে।”

নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, “সুস্থ ও ইতিবাচক ক্যাম্পাস গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের মধ্যে একতা, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সৈকত, ছাত্র অধিকার সম্পাদক বনি ইয়ামিন, অর্থ ও প্রচার সম্পাদক আবদুর রহমান, অফিস সম্পাদক মেহেদী হাসান, আইন সম্পাদক মাহবুবুল আলম তারেকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক বিকাশ, মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন করা হবে।

Post a Comment

0 Comments