নোয়াখালীর সোনাইমুড়ীতে ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে প্রবাসীর মৃত্যু


নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রতিবেশীর পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল হুদা (৫১) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হুদা ওই গ্রামের মৃত সিরাহ উল্যার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শিবপুর গ্রামের রিয়াজ নামের এক ব্যক্তি নিজের ধানের বীজতলা রক্ষায় আগের রাতেই বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। শনিবার ভোরে নুরুল হুদা নিজ বীজতলায় কাজ করতে গেলে অসাবধানতাবশত ওই ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই রিয়াজ পলাতক রয়েছেন। আগামী ১২ ডিসেম্বর তার সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল বলে জানা গেছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, “নিহতের স্বজনেরা লিখিত অভিযোগ দিতে চান না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। পরিবার চাইলে পৃথক মামলা করতে পারবে।”


Post a Comment

0 Comments