মারধরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ


নোয়াখালীর সোনাইমুড়ীতে দেনা-পাওনা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুর রহীম (৫৭) নামের এক ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের ২৫০ শয্যা ইউনিটে তার মৃত্যু হয়। এর আগে বুধবার সকাল পৌনে ১০টার দিকে আমিশাপাড়া ইউনিয়নের আমিশাপাড়া বাজারে তাকে মারধর করা হয়।

নিহত আব্দুর রহীম লক্ষ্মীপুর জেলার পার্বতীপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে এবং সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারের ‘মিথিলা বেকারি’র মালিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে দেনা-পাওনা সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষের লোকজন আব্দুর রহীমকে বাজারে মারধর করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চাটখিল সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন চক্রবর্তী জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, স্থানীয়দের তথ্যমতে দেনা-পাওনা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী আব্দুর রহীম গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


Post a Comment

0 Comments