যাত্রীবাহী বাসে সুপারভাইজারের ইয়াবা পাচার: চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে গ্রেপ্তার

 

চট্টগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবা পাচারের সময় ৫০০ পিস ইয়াবাসহ বাঁধন পরিবহনের এক সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার আব্দুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাহাব উল্লাহ (৩৭)। তিনি বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৩২ নম্বর বাঁধন পরিবহনের সুপারভাইজার হিসেবে কাজ করতেন।

তদন্তে জানা গেছে, সাহাব উল্লাহ দীর্ঘদিন ধরে বাঁধন পরিবহনের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। এই সুযোগে তিনি মাদক পাচার চক্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং ধীরে ধীরে ইয়াবা পাচার কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি চট্টগ্রামের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে ডিএনসি সদস্যরা তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “যাত্রীবাহী বাস ব্যবহার করে নোয়াখালী অঞ্চলে ইয়াবা পাচার হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। তল্লাশিতে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সুপারভাইজার ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments