মায়ের লাশ আটকে সম্পত্তি বিরোধ, ২০ ঘণ্টা পর দাফন সম্পন্ন


বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। এর আগে, বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার মেয়ের স্বামীর বাড়িতে মারা যান ওই নারী।

মৃত আমেনা বেগম (৬৫) একই গ্রামের মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে আমেনা বেগমের ছোট ছেলে সাইফুল্লাহকে কিছু বেশি সম্পত্তি রেজিস্ট্রি করে দেন। এ ঘটনায় বড় ছেলে নজিব উল্ল্যাহর সঙ্গে ছোট ভাই সাইফুল্লার বিরোধ সৃষ্টি হয়। বুধবার রাতে বেগমগঞ্জ থেকে মরদেহ এনে নিজ বাড়িতে দাফনের প্রস্তুতি নেওয়া হলে সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মায়ের মরদেহ সামনে রেখে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

ঘটনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে আলোচনায় বসান। তার হস্তক্ষেপে প্রাথমিক সমঝোতা হলে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে স্বামীর কবরের পাশে আমেনা বেগমের দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, “ঘটনার পর আমরা দুই পক্ষের মধ্যে সমঝোতা করাই। দাফনের পর স্থানীয়ভাবে বৈঠক করে পারিবারিক সম্পত্তি বিরোধ মীমাংসা করা হবে।”

Post a Comment

0 Comments