নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

 


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১১।

শিশুটিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বেচার দোকান এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। এর আগে, একই দিন দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে শিশুটিকে চুরি করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

চুরি হওয়া নবজাতকের মা জান্নাতুল ফেরদৌস (১৯), তিনি উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস তার দুই মাস সাত দিনের নবজাতক আব্দুর রহমান ও মা তাজনাহার বেগমকে নিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস শিশুকে নিয়ে টিকিট কাউন্টারের সামনে দাঁড়ান।

এ সময়, কালো বোরকা পরিহিত এক অপরিচিত নারী (যার সঙ্গে ৬-৭ বছর বয়সী একটি মেয়ে ছিল) জান্নাতুলের কাছে এসে শিশুটিকে কোলে নিয়ে তাকে টিকিট কাটতে বলেন। সরল বিশ্বাসে জান্নাতুল ফেরদৌস শিশুটিকে ওই নারীর কোলে দিয়ে টিকিট কাটতে যান। কিন্তু টিকিট সংগ্রহের পর ফিরে এসে তিনি দেখেন, নারীটি তার সন্তানসহ উধাও। চারদিকে খোঁজাখুঁজি করেও না পেয়ে তিনি থানায় অভিযোগ জানান।

পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Post a Comment

0 Comments