বুধবার (২৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান। এর আগে, মঙ্গলবার গভীর রাতে চৌমুহনী বাজারের "নিপু প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং" কারখানায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে অবস্থিত কারখানাটিতে অভিযান চালানো হয়। নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে পরিবেশ সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযানে মোট ৪ হাজার ৪০১ কেজি পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়েছে।
অভিযানে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম, নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার ও বেগমগঞ্জ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান জানান, এর আগেও এই কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছিল, তবে তখন সেটি বন্ধ ছিল। পরে তারা রাতের বেলায় অবৈধভাবে পলিথিন উৎপাদন শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুনরায় অভিযান চালিয়ে কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
0 Comments