নোয়াখালীর সুবর্ণচরে ট্রাকের চাপায় মো. হাবিব (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত হাবিব চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের মোহাম্মদ আবুল বাশার বাসুর ছেলে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের পরিষ্কার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব মোটরসাইকেলযোগে স্থানীয় আটকপালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পরিষ্কার রাস্তার মাথায় পৌঁছে একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেলসহ ট্রাকের নিচে চাপা পড়েন।
স্থানীয় লোকজন হাবিবকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
0 Comments