নোয়াখালীতে হীড বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন

স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশের গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে নোয়াখালীতে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।

আজ দিনব্যাপী সুবর্ণচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে হীড বাংলাদেশ নোয়াখালী ও হাতিয়া অঞ্চলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বৃত্তি ও এককালীন বৃত্তি প্রদান করা হয়।

সকালে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানসহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। অতিথি হিসেবে বক্তব্য দেন হীড বাংলাদেশের চেয়ারম্যান বায়রন পি বণিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহম্মদ, এবং চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বাশার। এছাড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা হীড বাংলাদেশের পঞ্চাশ বছরের কর্মযজ্ঞ, অর্জন ও সাফল্যের কাহিনি তুলে ধরেন। তারা দেশের আর্থসামাজিক উন্নয়নে সংস্থার গুরুত্বপূর্ণ অবদান এবং ভবিষ্যতে আরো যুগোপযোগী কর্মসূচি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments