নিখোঁজের সাত দিন পর পুকুরে শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নিখোঁজের সাত দিন পর আঠারো মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের মনির হোসেনের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম মেয়াদুল ইসলাম, সে একই গ্রামের রনি নামে এক ব্যক্তির ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহত মেয়াদুলের বাবা পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক। গত মঙ্গলবার সকালে মেয়াদুলের বাবা তাকে বাড়ির পাশের দোকানে নিয়ে চকলেট কিনে দেন। পরে শিশুটি তার বোনের সঙ্গে বাড়ি ফিরে আসে। বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির উঠান থেকে শিশুটি নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বাড়ির পাশের দুটি পুকুরের একটিতে মেয়াদুলের খালা তার মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, “খবর পেয়ে আমরা শিশুটির মরদেহ উদ্ধার করেছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Post a Comment

0 Comments