নোয়াখালীতে মোটরসাইকেলে এসে প্রকাশ্যে কৃষককে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে এক কৃষক আহত হয়েছেন। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে এ ঘটনার কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি।

গুলিবিদ্ধ ব্যক্তি আব্দুল মতিন (৫০) উপজেলার ছয়ানী ইউনিয়নের লক্ষণপুর গ্রামের কাজী আলাউদ্দিনের বাড়ির মফিজ উল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ছয়ানী ইউনিয়নের ছয়ানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওসি লিটন দেওয়ান বলেন, “উপজেলার ছয়ানী বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে গ্রুপিং চলছে। প্রাথমিক ধারণা, অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে আব্দুল মতিন গুলিবিদ্ধ হন।”

পুলিশ ও স্থানীয়রা জানায়, গুলিবিদ্ধ আব্দুল মতিন তার প্রতিবেশী শুভনের সঙ্গে ছয়ানী বাজারের একটি দোকানের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় দুই অস্ত্রধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে গুলি চালায়। গুলিটি মতিনের পেটে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এদিকে, আহতের চাচাতো ভাই আলমগীর ওসির বক্তব্য নাকচ করে দাবি করেন, “দুর্বৃত্তরা সরাসরি আব্দুল মতিনকে লক্ষ্য করে গুলি চালায়।” তবে, গুলির পেছনে কী কারণ থাকতে পারে, তা তিনি জানাতে পারেননি।

ওসি লিটন দেওয়ান আরও জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। বর্তমানে গুলিবিদ্ধ কৃষক নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

Post a Comment

0 Comments