কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীতে কারবারি আ.লীগ নেতা, অতঃপর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৯৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে, রোববার রাতে উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৫৫), বান্দরবানের লামা থানার মন্ডলের ছেলে জমির হোসেন (৬৮) এবং কক্সবাজারের উখিয়া থানার লালুর ছেলে ওসমান হোসেন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবনের মাদক কারবারি জমির এবং কক্সবাজারের ওসমান দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহাঙ্গীরের কাছে ইয়াবা সরবরাহ করতেন। জাহাঙ্গীর রাজনীতির আড়ালে একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ৯৬০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, “এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।”

Post a Comment

0 Comments