নোয়াখালীর কবিরহাটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও দুটি বাছুর আহত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে কৃষক জাহাঙ্গীরের পরিবার ঘুমাতে যায়। রাত ৯টার দিকে গোয়ালঘরে মশার কয়েল দিতে গিয়ে তারা দেখতে পান ঘরে আগুন লেগেছে। মুহূর্তেই আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তিনটি গরু পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল ইসলাম জাহাঙ্গীর জানান, তার বসতঘর থেকে একটি বৈদ্যুতিক লাইন গোয়ালঘরে নেওয়া হয়েছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। গোয়ালঘরের অর্ধেক অংশে শুকনো লাকড়ি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
কবিরহাট উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শাহজালাল বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা হয়েছে। প্রাথমিক হিসাবে, অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।”
0 Comments