বিমানবন্দরে হার্ট অ্যাটাকে প্রবাসী বাংলাদেশি ডাক্তারের মৃত্যু

আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন বিমানবন্দরে হার্ট অ্যাটাকে নোয়াখালীর কবিরহাট উপজেলার এক প্রবাসী ডাক্তারের মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

মৃত্যুবরণকারী ডা. ওমর ফারুক সাবের (৫৬) নোয়াখালীর বাটইয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাটইয়া মিয়া বাড়ির নুর আহম্মদ মিয়ার ছেলে। পেশায় ডাক্তার ডা. ফারুক দুই কন্যাসন্তানের জনক ছিলেন।

গত বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে ম্যাসাচুসেটসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বন্ধু ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৯৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন ডা. ওমর ফারুক। তিনি ঢাকা মেডিকেলের ৪৫তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলেন। ১৯৯৮ সালে তিনি চিকিৎসা পেশায় যুক্ত হতে আমেরিকায় পাড়ি জমান। বোস্টন শহরে তিনি একাধিক হাসপাতালে রোগী দেখতেন।

গত ১০ ডিসেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে বোস্টন বিমানবন্দরে গেলে আকস্মিকভাবে তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর থেকে তিনি পনের দিন কোমায় ছিলেন। স্থানীয় সময় বুধবার ভোর ৫টায় তার মৃত্যু হয়।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনেরা মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

 

Post a Comment

0 Comments