নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ পুকুরে উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার পুকুর থেকে আব্দুল মোতালেব (৭৫) নামে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার পুকুরে মোতালেবের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মোতালেব মানসিকভাবে অসুস্থ ও ভারসাম্যহীন ছিলেন। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, ভবঘুরে চলাফেরার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Post a Comment

0 Comments