নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে এক বিএনপি কর্মীকে গুলি করার পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবার ও পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন ওরফে ছালি কবির (৩৫) সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ছালি কবির বিএনপির স্থানীয় ওয়ার্ড পর্যায়ের সক্রিয় কর্মী ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। গত ৫ আগস্টের পর তিনি এলাকায় ফিরে আসেন। শুক্রবার দুপুরে তিনি জুমার নামাজ আদায় করতে সুজায়েতপুর পূর্ব জামে মসজিদে যান। ফরজ নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় মুখোশপরা ৫-৬ জন দুর্বৃত্ত সিএনজি চালিত অটোরিকশায় এসে তাকে ঘিরে ফেলে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্বৃত্তরা ছালি কবিরকে লক্ষ্য করে গুলি চালায়, যা তার মাথায় লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তারা তার বাম পায়ের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ্ আল ফারুক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে। আশা করছি শিগগিরই এর কারণ এবং জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।”
0 Comments