শেখ হাসিনা বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছেন: মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকস্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা হরণ করে দেশকে দাসত্বের দিকে ঠেলে দিয়েছেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের লিখতে বাধা দিয়ে এবং আলেম-ওলামাদের আদালতে ডান্ডা বেড়ি পরিয়ে নেওয়ার মাধ্যমে স্বাধীন মতপ্রকাশের অধিকারকে দমন করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সম্মেলনের আয়োজন করে নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন।

মুহাম্মদ শাহজাহান বলেন, “শেখ হাসিনা সরকার খুন, নির্যাতন ও সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যার মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। চাকরি দেওয়ার নামে দেশের জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। অর্থনীতি ভেঙে দিয়ে ১০ টাকার চালের প্রতিশ্রুতির বদলে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “শেখ মুজিবুর রহমানের আমলে মীমাংসিত যুদ্ধাপরাধ ইস্যুকে সামনে এনে আলেম-ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের নামে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে দেশকে প্যাসিবাদের পথে ঠেলে দেওয়া হয়েছে। যারা নেতা-কর্মীদের ফেলে পালিয়ে যায়, তারা কখনও দেশপ্রেমিক রাজনীতিবিদ হতে পারে না।”

তিনি বলেন, “শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ থাকতে পারে, তবে তার অপরাধের বিচার করে জনগণের সামনে অপরাধী হিসেবে উপস্থাপন করা উচিত।”

সম্মেলনে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জহিরুল আলম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।

Post a Comment

0 Comments