নোয়াখালীর সোনাইমুড়ীতে থানা থেকে লুট হওয়া একটি শটগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। এর আগে, সোমবার দুপুর সোয়া ১টার দিকে থানার সামনের একটি নালা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী থানার সামনে শ্মশানঘাট সংলগ্ন একটি নালায় স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে যান। মাছ ধরার সময় তিনি নালার পাশে পড়ে থাকা শটগানটি দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানটি একটি রাউন্ড রাবার কার্তুজসহ উদ্ধার করে। দীর্ঘদিন পানিতে পড়ে থাকায় শটগানের ব্যারেল ও লোহার অংশে জং ধরে নষ্ট হয়ে গেছে। রাবার কার্তুজটিও অকেজো হয়ে পড়েছে।
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, “গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় দুর্বৃত্তদের হামলার সময় থানা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র লুট হয়ে যায়। স্থানীয় একজনের সহায়তায় উদ্ধার হওয়া ১২ বোর শটগানটি (বাট নম্বর অস্পষ্ট) এবং একটি রাবার কার্তুজ এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে থানা থেকে লুট হওয়া আনুমানিক ১৪টি আগ্নেয়াস্ত্রের মধ্যে বাকি অস্ত্রগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।”
0 Comments