নোয়াখালীতে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই ১১ দোকান

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ও দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের বেলা বাজারের একটি কসমেটিকস দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে আগুন দেখতে পেয়ে দোকানের মালিক শারীরিক ধাক্কা খেয়ে স্ট্রোক করেন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে বাজারের কাপড়ের দোকান, চায়ের দোকান, কসমেটিকস, গ্যাসের দোকানসহ বিভিন্ন দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হারুনুর রশীদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে ১১টি দোকান ও দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। তিনি বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা হতে পারে।"

অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments