নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চাটখিল থানার পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলটি উদ্ধার করা হয়। এর আগে, গত ৫ আগস্ট চাটখিল থানায় হামলা ও অগ্নিসংযোগের সময় রাইফেলটি লুট করা হয়েছিল। তবে কে বা কারা এটি থানার পুকুরে ফেলে রেখেছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
এই তথ্য নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার পুকুরে লুট হওয়া অস্ত্র থাকার খবর পায় পুলিশ। এরপর বৃহস্পতিবার বিকেলে পুকুরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না রাইফেল উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি থানায় নিয়ে আসা হয়।
ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, "গত ৫ আগস্ট থানা ও পুলিশ ফাঁড়ি থেকে বেশ কয়েকটি অস্ত্র লুট করা হয়েছিল। এর মধ্যে এখনো ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া চায়না রাইফেলটি কাগজপত্র মিলিয়ে যাচাই করা হবে।"
পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং বাকি অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।
0 Comments