মানববন্ধনে বিএনপি নেতার ভাইয়ের নেতৃত্বে ফের হামলা, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নোয়াখালীতে ঠিকাদারি কাজে বাধা, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতার ভাইয়ের নেতৃত্বে পুনরায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামলাকারীরা মানববন্ধন চলাকালীন প্রেসক্লাবের সামনে গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং নোয়াখালী প্রেসক্লাব ভবনে ভাঙচুর চালায়। এ সময় সড়কে থাকা একটি যাত্রীবাহী মাইক্রোবাসও ভাঙচুর করা হয়। দেশ টিভির নোয়াখালী প্রতিনিধি মাওলা সুজনকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এর আগে, ঠিকাদার আবদুল করিম মুক্তার নেতৃত্বে নোয়াখালী প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, শহর বিএনপির সভাপতি আবু নাছেরের বিরুদ্ধে দলীয় সহযোগী সংগঠনের নেতা মুক্তার ঠিকাদারি কাজে বাধা, এস্কেভেটর মেশিন ভাঙচুর, এবং শ্রমিকদের কুপিয়ে আহত করার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শেষ দিকে আবু নাছেরের ছোট ভাই জুয়েলের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে মানববন্ধনে হামলা চালায়। এ ঘটনায় সাংবাদিকসহ পাঁচজন আহত হন এবং একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের অভিযোগ অস্বীকার করে বলেন, "শহরের রাজনীতিতে দলীয় কোন্দল রয়েছে। এ ঘটনায় আমি ও আমার ভাই কোনোভাবেই জড়িত নই। এমনকি এই ঠিকাদারি কাজ মুক্তারেরও নয়।"

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ জমা দেয়নি।"

Post a Comment

0 Comments