নোয়াখালীতে পিস্তল ঠেকিয়ে ডাকাতি, ৪ দোকানে চুরি

নোয়াখালীর সেনবাগে পিস্তল ঠেকিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতি। একই রাতে জেলা শহর মাইজদীতে চারটি দোকানে চুরির ঘটনা ঘটে।

শনিবার (২৫ জানুয়ারি) ভোররাতে সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈইয়াজলা গ্রামের ছিদ্দিক আহমদ কোম্পানীর বাড়িতে ডাকাতির এই ঘটনা ঘটে। একই সময়ে মাইজদীর বড় মসজিদ মোড় সংলগ্ন এনএস প্লাজায় চুরির ঘটনা ঘটে।

বাড়ির মালিকের শালা মহিন উদ্দিন জানান, ভোর আনুমানিক ৪টার দিকে ৮-১০ জনের ডাকাতদল প্রথমে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পরিবারের সদস্যদের পিস্তল ঠেকিয়ে জিম্মি করে। তারা প্রতিটি কক্ষ তল্লাশি চালিয়ে ঘরের আলমিরা থেকে নগদ ৩ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার এবং ৪টি অ্যান্ড্রয়েড মোবাইলসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

মহিন উদ্দিন আরও জানান, বাড়ির মালিক ছিদ্দিক আহমদ কোম্পানী চট্টগ্রামে ব্যবসা করেন। তার মেজো বোন কহিনুর বেগম পরিবার নিয়ে গত ২০ বছর ধরে এই বাড়িতে বসবাস করছেন। কহিনুরের ছেলে মিলন বিদেশ যাওয়ার জন্য দোকান বিক্রি করে জমানো ৩ লাখ টাকা ঘরে রেখেছিলেন। পার্শ্ববর্তী একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ডাকাতদলে ৮ জন সদস্য ছিল।

এদিকে, শুক্রবার গভীর রাতে মাইজদীর বড় মসজিদ মোড় সংলগ্ন এনএস প্লাজার তিনতলা ভবনের তালা ভেঙে চারটি দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ ৮২ হাজার টাকা এবং প্রায় ৪০ হাজার টাকার কাপড় চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এবং সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments