ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব, শোডাউন ও গ্রেপ্তার-২

নোয়াখালীর চাটখিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ার পর শোডাউন করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির বাসিন্দা মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২) এবং একই গ্রামের ইসমাইল বেপারী বাড়ির বাসিন্দা মৃত আব্দুল মালেকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটন (৪৫)।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা রয়েছে। এর আগে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যায় যুবলীগের একটি দল মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “আওয়ামী লীগের প্রায় ২৫-৩০ জন নেতাকর্মীর শোডাউনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে হাজির করা হবে।”

Post a Comment

0 Comments